অঙ্ক না পারায় ছাত্রকে পিটিয়ে হাসপাতালে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করায় গতকাল বুধবার এমরান হোসাইন নামের এক শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীর অভিভাবক। অঙ্ক না পারায় গত মঙ্গলবার উপজেলার হাজীপুর শহীদ স্মরণিকা বিদ্যাপীঠের নাহিদ হাসান নামের দশম শ্রেণীর ওই ছাত্রকে পিটিয়ে আহত করেন সহকারী প্রধান শিক্ষক এমরান। নাহিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাহিদ উপজেলার বিনাউটি ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় গতকাল বিদ্যালয় পরিচালনা পরিষদ প্রধান শিক্ষককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে। খবর পেয়ে গত মঙ্গলবার রাতেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাহিদকে দেখতে হাসপাতালে যান।
শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় সূত্রে জানা যায়, সহকারী প্রধান শিক্ষক এমরান দশম শ্রেণির গণিতের শিক্ষক। মঙ্গলবার তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের একটি অঙ্ক করতে দেন। নাহিদসহ কয়েকজন শিক্ষার্থী না পারলে তাদের কান ধরে বেঞ্চে দাঁড়াতে বলেন। নাহিদ কান না ধরায় ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে পেটাতে পেটাতে শ্রেণিকক্ষের বাইরে বারান্দায় বের করে আনেন। সেখানেও মারতে থাকলে একপর্যায়ে ছেলেটি বারান্দায় দাঁড় করিয়ে রাখা সাইকেলের ওপর পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়।
হাসপাতালে চিকিৎসাধীন নাহিদ বলে, ‘অঙ্ক না পারায় স্যার আমাদের কান ধরে দাঁড় করান। কিন্তু আমি কান না ধরায় আমাকে প্রচণ্ড পেটান। আমার সঙ্গে আরও কয়েকজনকেও মেরেছেন তিনি।’
প্রধান শিক্ষক রমিজ আহাম্মদ বলেন, শিক্ষক এমরান শ্রেণিকক্ষে কয়েক দিন অঙ্কটি করিয়েছেন। তার পরও নাহিদ না পারায় তাকে কান ধরে দাঁড়াতে বলেন। শিক্ষক, ছাত্র দুজনই প্রচণ্ড রাগী। কথা না শোনায় একপর্যায়ে শিক্ষক নাহিদকে প্রচণ্ড পেটান।
অভিযুক্ত শিক্ষক এমরান বলেন, ‘এ বিষয়ে আমার কিছু বলার নেই। প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন।’