অচলাবস্থা কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল শুক্রবার পঞ্চম দিনে গড়িয়েছে। এদিন ঢাকা নদীবন্দর থেকে দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় কিছু নৌযান চলাচল করেছে। বরিশালে সব ধরনের মালবাহী কার্গো, তেল ট্যাংকার ও অভ্যন্তরীণ রুটের সব নৌযান বন্ধ ছিল। অচলাবস্থা অব্যাহত আছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরেও।

১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনসহ ছয়টি সংগঠন গত রোববার রাত ১২টা থেকে ধর্মঘট শুরু করে।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অচলাবস্থা চলছে। শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্দরে আটকেপড়া পণ্যের পরিমাণ ১৫ লাখ টন ছাড়িয়ে গেছে।

বন্দর সূত্র জানায়, প্রতিদিন তিন থেকে চারটি জাহাজ আমদানি পণ্য নিয়ে বন্দরের বহির্নোঙরে ভিড়ছে। কর্মবিরতি শুরুর পর গত চার দিনে নতুন করে ১৫টি জাহাজ ভিড়লেও পণ্য খালাস শুরু করতে পারেনি। বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, আমদানি পণ্যবাহী ৫০টি জাহাজ আটকা পড়েছে।

লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানিয়েছে, গত চার দিনে সারা দেশে কোনো লাইটার জাহাজ থেকে পণ্য খালাস হয়নি। ফলে সারা দেশের ৩৬টি ঘাট এলাকায় আটকে থাকা ৬১১টি জাহাজে সোয়া ৭ লাখ টন পণ্য আটকে আছে।