কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ছয় দফা দাবি বাস্তবায়ন নিয়ে অনির্দিষ্টকালের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পঞ্চম দিনের মতো অব্যাহত আছে। বিবদমান পক্ষগুলোর সঙ্গে গত দুই দিন দফায় দফায় আলোচনা হলেও অচলাবস্থার অবসান হয়নি।
এই পরিস্থিতির মধ্যেই গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. নাহিদুল ইসলামকে তাঁর আবাসিক কোয়ার্টারের সামনের সড়কে ছাত্রলীগের এক কর্মী গালাগাল করেন। এ সময় ওই শিক্ষকের স্ত্রী তাঁর সঙ্গে ছিলেন। এই অবস্থায় সংকট থেকে উত্তরণের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটিও ভেস্তে গেছে বলে মনে করছেন শিক্ষক সমিতির নেতারা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনরত শিক্ষক সমিতির অন্তত চারজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা তিনটায় ছয় দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপীদাসের সঙ্গে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কথা হয়। ওই সময়ে কোষাধ্যক্ষের সঙ্গে শিক্ষকদের দাবি নিয়ে আলোচনা হয়। পরে কোষাধ্যক্ষ উপাচার্যকে আলোচনার অগ্রগতি জানান। এরপর উপাচার্য শিক্ষক সমিতির ছয়টি দাবির মধ্যে প্রায় চারটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। দাবি চারটি হলো, দুই শিক্ষকের বাসায় হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করবে, ইংরেজি বিভাগের প্রধানকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি, শিক্ষক সমিতির সভাপতিকে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত এবং ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ হত্যার তদন্ত প্রতিবেদন আগামী সিন্ডিকেটে উত্থাপন করা।
বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. নাহিদুল ইসলাম তাঁর স্ত্রীকে নিয়ে শিক্ষকদের আবাসিক কোয়ার্টারে যাচ্ছিলেন। তখন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগ কর্মী ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী বায়েজীদ ইসলাম ওরফে গল্প ওই শিক্ষককে কোথায় যাচ্ছেন বলে তাঁর গতিরোধ করেন। একপর্যায়ে তিনি ওই শিক্ষককে গালাগাল করেন। এরপর ওই শিক্ষক বিষয়টি লিখিত আকারে উপাচার্যের কাছে জমা দেন।
ছাত্রলীগ কর্মী বায়েজীদ ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের (২০০৬-২০০৭) শিক্ষার্থী মো. ইলিয়াস মিয়ার অনুসারী।
এ ব্যাপারে বায়েজীদ ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি। তবে এ ব্যাপারে ইলিয়াস মিয়া বলেন, ‘শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহারের বিচার আমিও চাই। তিনি আমার বিভাগের শিক্ষক। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেব।’
শিক্ষক নাহিদুল ইসলাম বলেন, ‘আমি একজন সাধারণ শিক্ষক। এভাবে অপমান করা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘চলমান সংকট থেকে যখন আমরা উত্তরণের পথে যাচ্ছিলাম, তখনই আরেকজন শিক্ষককে প্রকাশ্যে তাঁর স্ত্রীর সামনে অপমান করা হয়। শিক্ষকেরা নিজ ক্যাম্পাস ও বাসাবাড়িতেও নিরাপদ নন। আমরা এ ঘটনাসহ সব শিক্ষকের ওপর হামলার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এসব বিষয়ে উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘ এরই মধ্যে এক ছাত্র একজন শিক্ষককে তাঁর স্ত্রীর সামনে অপমান করেছে। এ ঘটনার বিচার হবে।’
১৯ জানুয়ারি ক্লাস বর্জন এবং গত রোববার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি।