অচেতন অবস্থায় কলেজছাত্র উদ্ধার, হাসপাতালে মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে আজ সোমবার সকালে অচেতন অবস্থায় উদ্ধার করার পর মো. সোহাগ নামের এক কলেজছাত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওই ছাত্র অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল বলে আশঙ্কা করছে পুলিশ।
সোহাগের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। সে কুমিল্লার শহীদ নজরুল ইসলাম সরকারি ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ীর স্থানীয় কয়েকজন লোক অচেতন অবস্থায় সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে যান সোহাগের বড় ভাই নাহিদ হাসান। বিকেল পাঁচটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহাগ।
নাহিদ হাসান সাংবাদিকদের জানান, তিনি উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকায় থাকেন। কুমিল্লা থেকে আজ ঢাকায় বেড়াতে আসছিল সোহাগ। সকাল ১০টার দিকে সোহাগ যাত্রাবাড়ীর গোলাপবাগে নামে। এরপর সে তাঁকে ফোন করে বলেন, ‘আমি কী যেন খাইছি। আমার খারাপ লাগতেছে।’ এরপর আর কোনো কথা বলতে পারেনি সোহাগ।
সোহাগের কাছ থেকে কোনো কিছু খোয়া গেছে কি না সে ব্যাপারেও তাৎক্ষণিকভাবে কোনো কিছু জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সুভাষী আক্তার প্রথম আলোকে বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।