অচেতন করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক পরিবারের সবাইকে অচেতন করে কথিত এক ফকির ওই পরিবারের এক কিশোরীকে (১৩) ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবারের ওই ঘটনায় গত শুক্রবার থানায় মামলা হয়েছে।
মেয়েটির নানা মঠবাড়িয়া থানায় কথিত ফকির বাবুল মিয়াকে (৩০) প্রধান আসামি করে ওই মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, বাবুল ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে ওই পরিবারের সদস্যদের অচেতন করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের বাবুল মিয়া চট্টগ্রামে করাতকলের শ্রমিক হিসেবে কাজ করতেন। বছর খানেক আগে সেখান থেকে ফকির সেজে মানুষকে ঝাড়ফুঁক দেওয়া শুরু করেন। গত মঙ্গলবার বাবুল এক সহযোগীকে নিয়ে উপজেলার সাপলেজা ইউনিয়নে এক ব্যক্তির বাড়িতে যান। ওই ব্যক্তির জমি নিয়ে বিরোধ দূর করে দেওয়ার কথা বলে পরিবারের তিন সদস্যকে ফুঁ দেওয়া পানি পান করান। পরদিন রাতে বাবুল আবার ওই ব্যক্তির বাড়িতে গিয়ে পানি পান করান। এরপর সবাই অচেতন হয়ে পড়লে বাবুল মেয়েটিকে ধর্ষণ করেন। গত শুক্রবার চেতনা ফিরে আসার পর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মেয়েটিকে আহত অবস্থায় পান। ঘটনার পর থেকে বাবুল পলাতক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মনিরুজ্জামান বলেন, পানির সঙ্গে চেতনানাশক-জাতীয় পদার্থ মিশিয়ে তাঁদের অচেতন করা হয়েছে। আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল আহসান বলেন, বাবুল মিয়া ভণ্ড। বাবুল ফকিরের বেশ ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল শনিবার সকালে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।