অচেতন শিশু উদ্ধার, ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিকী ছবি
প্রতিকী ছবি

রাজধানীর ভাটারায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে তাকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাটারায় মা ও চার ভাই-বোনের সঙ্গে থাকে শিশুটি। তার বাবা মৃত। মা অন্যের বাসায় কাজ করেন। শিশুটির বড় বোন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে শিশুটি বাসা থেকে বের হলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি। শুক্রবার ভোরে বিবস্ত্র, অচেতন ও রক্তাক্ত অবস্থায় তারা রাস্তায় পাশে পড়ে থাকতে দেখেন। বাসায় নিয়ে যাওয়ার পর চেতনা ফিরলে শিশুটি জানায়, চারজন লোক তাকে হাত বেঁধে যৌন নির্যাতন করেছে। তার সারা শরীরের নির্যাতনের জখম রয়েছে। পরে ভয়ে তারা কাউকে কিছু জানাননি। যখন দেখেন শারীরিক অবস্থা খারাপ হচ্ছে তখন হাসপাতালে নিয়ে যান।

শিশুটির বোন আরও জানান, তারা যে এলাকায় থাকেন সেখানে মাদক সেবিদের আনাগোনা বেশি। ওদেরই কেউ হয়তো এই কাজ করেছে। তার বোন বলেছে, সে ওই চারজনকে দেখলে চিনবে। কিন্তু তাদের নাম সে জানে না।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, তাদের কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে যায়নি। সাংবাদিকদের কাছে ঘটনাটি শুনে তিনি পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠিয়েছেন। পরিবারের সঙ্গে কথা বলে তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।