অজ্ঞাত নারীর মরদেহে পাওয়া গেল দুটি গুলি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অজ্ঞাত নারীর মরদেহ থেকে দুটি গুলি উদ্ধার করেছেন চিকিৎসকেরা। আজ শনিবার মরদেহটির ময়নাতদন্তের সময় এ দুটি গুলি পাওয়া যায়।
অজ্ঞাত এই নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মর্গের রেজিস্ট্রার খাতা অনুযায়ী রাত ১টা ৪০ মিনিটে গুলশান থানা-পুলিশ এই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যায়। সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে মর্গের রেজিস্ট্রার খাতায় লিখে যায় তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চেয়ারম্যান সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, ওই নারীর শরীরের ডান পাশ দিয়ে গুলি ঢুকেছে। একটি গুলি তাঁর ফুসফুস ও অন্যটি তাঁর বাঁ স্তন থেকে পাওয়া গেছে। গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে। গুলিটি কী ধরনের, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এটি দেখবেন।
মরদেহটি গুলশান–২–এর ৪৩ নম্বর রোডের ৩৮ নম্বর বাড়ির সামনে রাস্তার ওপর পড়ে ছিল। সেখান থেকে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আলম মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ফারুক আলম প্রথম আলোকে বলেন, রাতে তিনি টহল ডিউটিতে ছিলেন। এ সময় থানা থেকে জানানো হয় মরদেহটির কথা। গিয়ে দেখেন দেহটি চিত হয়ে পড়ে আছে। পরনে হলুদ রঙের সালোয়ার–কামিজ ছিল। ডান কাঁধের নিচে রক্ত ছিল, মনে হচ্ছিল থেঁতলে গেছে। কোনো গর্ত ছিল না। যে জায়গাটিতে দেহটি পড়ে ছিল, সেখানে কোনো রক্ত জমাট বাঁধা ছিল না।
ফারুক আলম বলেন, প্রাথমিকভাবে কোনো গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে। তাঁকে গুলি করা হলেও অন্য কোথায় গুলি করে এখানে এনে লাশ ফেলে রাখা হয়েছিল।