অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের গলায় পইতা থাকায় তিনি হিন্দু সম্প্রদায়ের বলে ধারণা করা হচ্ছে। আজ সোমবার সকালে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের মুক্তাহার গ্রামসংলগ্ন গাবখান চ্যানেল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, আজ সকালে স্থানীয় লোকজন গাবখান চ্যানেলে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হবে। তাঁর পরনে সাদা ও হলুদ রঙের গেঞ্জি এবং গলায় পইতা রয়েছে। গলায় পইতা থাকায় ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি হিন্দু।
ওসি আরও বলেন, চার-পাঁচ দিন আগের হওয়ায় মৃতদেহে পচন ধরেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।