অজ্ঞাত যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত এলাকার কেওচিয়া বন গবেষণাকেন্দ্রের পরিত্যক্ত নার্সারি শেড থেকে গত সোমবার উদ্ধার করা অজ্ঞাতনামা যুবকের লাশটির পরিচয় পাওয়া গেছে।
যুবকের স্বজনেরা মঙ্গলবার রাতে থানায় এসে লাশের ছবি দেখে পরিচয় নিশ্চিত করেছেন। তাঁর নাম মো. শাহজাহান (৩২) বলে জানা গেছে। তিনি চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চিড়িংঘাটা এলাকার আবু তালেবের ছেলে এবং পেশায় একজন পিকআপ ভ্যানচালক ছিলেন।
নিহত যুবকের স্ত্রীর বড় ভাই মো. হারুন বলেন,‘ঘটনার দুই দিন আগে শাহজাহান গাড়ি চালানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। প্রায় সময় গাড়ি নিয়ে বের হলে তিনি দুই-তিন দিন পর ঘরে ফিরতেন। এবারও ঘরে ফিরে না আসায় আমরা খোঁজ করতে বের হইনি। মঙ্গলবার বিকেলে লোকজনের মাধ্যমে খবর পেয়ে থানায় এসে লাশের ছবি দেখে শাহজাহানকে শনাক্ত করি।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন জানান, কেওচিয়া বন গবেষণাকেন্দ্রের পরিত্যক্ত নার্সারি শেড থেকে উদ্ধার করা নিহত অজ্ঞাতনামা যুবকটির পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে শাহজাহানের লাশ গতকাল বুধবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।