অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেছে
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার কমলদা গ্রামের বাঁশঝাড় থেকে গত ৬ মার্চ উদ্ধার করা অজ্ঞাতনামা তরুণের লাশের পরিচয় ও তাঁকে হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যা ব-১৩-এর পক্ষ থেকে ওই রহস্য উদ্ঘাটনের দাবি করা হয়।
লাশটি রেজাউল ইসলাম (১৮) নামের এক তরুণের। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আন্ধারমুহা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন র্যা ব-১৩-এর পরিচালক লে. কর্নেল কিসমৎ হায়াৎ। খুন ও অপহরণে জড়িত তিনজন যুবককেও সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এঁরা হলেন নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো গ্রামের সুইট আলম (২৪), বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ডালপাড়া গ্রামের হাসান জামিল (২৭) এবং চিরিরবন্দরের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মেকদাদ বিন মাহতাব।
মাহতাব বলেন, তাঁর বন্ধু রেজাউল। গত ৪ মার্চ তাঁরা তিনজন মিলে রেজাউলকে তাঁর ভাইয়ের মোটরসাইকেলে নিয়ে বালিয়াডাঙ্গীতে বেড়াতে আসেন। সেখানে হাসান জামিলের বাড়িতে খাওয়াদাওয়া করে রাতে রেজাউলকে কমলদা গ্রামের বাঁশঝাড়ে নিয়ে তিনজনে মিলে হত্যা করে লাশ আগুন ধরিয়ে পুড়িয়ে দেন। মোটরসাইকেলটি হাসানের বাড়িতে রেখে সুইট ও মাহতাব যাঁর যাঁর বাড়ি চলে আসেন।র্যা ব-১৩-এর পরিচালক লে. কর্নেল কিসমৎ হায়াৎ বলেন, অজ্ঞাতপরিচয় হিসেবে লাশটি উদ্ধারের খবর গত ৭ মার্চ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। প্রকাশিত খবরের সূত্র ধরে র্যা ব তদন্ত শুরু করে। এরই মধ্যে রেজাউলের বড় ভাই শরিফুলের মুঠোফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। ওই নম্বরে টাকাটা বিকাশ করার পরপরই রেজাউলকে মুক্তি দেওয়া হয়েছে বলে অপহরণকারীরা জানান। ওই মুঠোফোন নম্বর ট্র্যাকিং করেই ২০ মে সুইটকে গ্রেপ্তার করা হয়।