অজ্ঞাতনামা হ্যাকারদের বিরুদ্ধে দুদকের মামলা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওয়েবসাইট হ্যাক করার অভিযোগে অজ্ঞাতনামা হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি। আজ সোমবার রমনা থানায় এ মামলা করে দুদকের আইসিটি শাখা।
মামলার কথা নিশ্চিত করে রাতে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, তথ্য প্রযুক্তি আইন ২০০৬-এর ২৬ (২) এবং ৫৭ (২) ধারায় দুদকের কোর্ট পরিদর্শক (আইসিটি শাখায় সংযুক্ত) মো. আমিনুল ইসলাম মামলাটি করেন। উচ্চ পর্যায়ের আইটি বিশেষজ্ঞদের দ্বারা হ্যাকারদের শনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
গত ৩১ মার্চ দুদকের ওয়েবসাইটটি নতুনভাবে উদ্বোধন হওয়ার দুই দিন পর ২ এপ্রিল রাত ১০টায় হ্যাক করা হয়। হয়। একদিন পর দুদক সাইটটি তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সোমবার দুদকের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ বলা হয়, ‘হ্যাকাররা ওয়েবসাইটটির হোম পেজ বদলে ফেলে এবং হোম পেজে বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা লিখে রাখে। তা ছাড়া হ্যাকাররা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রক্ষিত দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটটির ক্ষতিসাধন করে’।
এসব কর্মকাণ্ড তথ্য প্রযুক্তি আইনে শাস্তিযোগ্য অপরাধ বলে এজাহারে বলা হয়েছে।