অজ্ঞাতপরিচয় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের নাউলীর খালের স্লুইসগেটের পাশ থেকে গতকাল শনিবার অজ্ঞাতনামা এক যুবকের (২৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
সোনাতলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মর্তুজা বলেন, ‘ওই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। আমরা লাশের পাশ থেকে একটি দেশি পাইপগান, পাইপগানের দুটি তাজা গুলি, তিনটি গুলির খোসা ও ছয়টি ছোট গাঁজার প্যাকেট উদ্ধার করেছি। ছোট পলিথিনের প্যাকেটে মোড়ানো গাঁজার প্যাকেটগুলো লাশের চারদিকে ছড়ানো ছিল।
ওই যুবকের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
অভয়নগর থানার পুলিশ ও সিদ্ধিপাশা গ্রামের বাসিন্দা সূত্র জানায়, গতকাল শনিবার সকালে উপজেলার সিদ্ধিপাশা গ্রামে নাউলীর খালের স্লুইসগেটের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে গ্রামের কয়েক ব্যক্তি পার্শ্ববর্তী সোনাতলা পুলিশ ক্যাম্পে খবর দেন। এরপর সকাল সাড়ে আটটার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। যুবকের গায়ে কোনো জামা ছিল না। তবে পরনে ছিল জিনসের প্যান্ট। তাঁর মুখমণ্ডলের ডানদিকে একটি গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়া, তাঁর বাঁ হাত ও ডান পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় উদ্ঘাটন করা যায়নি।