অজ্ঞান করে অলংকার ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূকে অজ্ঞান করে সোনার অলংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে পৌর সদর জেলা পরিষদ মার্কেটের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম আফরোজা বেগম। তিনি বোয়ালমারী পৌরসভার শিবপুর মহল্লার স্থানীয় ব্যবসায়ী জিল্লুর রহমানের স্ত্রী।

জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তাঁর স্ত্রী পৌরসভার জেলা পরিষদের মার্কেটের পশ্চিম পাশের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয়ের তিন যুবক আফরোজার নাক ও মুখে চেতনানাশক স্প্রে করেন। এতে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে ওই যুবকেরা তাঁকে বাজারের একটি গলিতে নিয়ে যান এবং তাঁর গলায় থাকা সোনার চেইন ও হাতের দুটি বালা নিয়ে যান। এগুলোর ওজন আনুমানিক দেড় ভরি।

পরে স্থানীয় লোকজন আফরোজা বেগমকে উদ্ধার করেন। খবর পেয়ে তাঁকে বাসায় নিয়ে আসেন স্বামী জিল্লুর রহমান।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, দুজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।