অজ্ঞান করে টঙ্গীতে নিয়ে ২০ হাজার টাকায় মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার সাবেক এক সেনাসদস্যকে গাজীপুরের টঙ্গীর একটি বাসায় আটক রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সাবেক ওই সেনাসদস্যের নাম আনোয়ার হোসেন। তাঁর বাড়ি সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তরা মোড় এলাকায়। তিনি গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় আইনের আশ্রয় নিতে চাচ্ছি না। নিলে আরও হয়রানির শিকার হব। এতে উপকার হবে না।’
পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হোসেন বৃহস্পতিবার বেলা একটার দিকে রাজধানীর বনানী থেকে সখীপুরের উদ্দেশে বাসে ওঠেন। তিনি বাসে একপর্যায়ে ঘুমিয়ে পড়েন। সন্ধ্যায় জেগে উঠে তিনি একটি অপরিচিত বাসায় নিজেকে দেখতে পান। সেখানে থাকা কয়েকজন যুবক পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করেন। তা দিতে অস্বীকার করলে তাঁকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন যুবকেরা। একপর্যায়ে তাঁর মুঠোফোন দিয়ে স্ত্রীর কাছে টাকা চান যুবকেরা। টাকা সময়মতো না পাঠালে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। দর-কষাকষির পর যুবকেরা ২০ হাজার টাকায় তাঁকে ছেড়ে দিতে রাজি হন। রাত পৌনে আটটার দিকে যুবকদের দেওয়া তিনটি মুঠোফোন নম্বরে তাঁর স্ত্রী বিকাশ করে ২০ হাজার টাকা পাঠান। এরপর তাঁকে ছেড়ে দেন যুবকেরা।
আনোয়ার হোসেন বলেন, ‘রাত আটটার দিকে ছেড়ে দিলে ওই বাসার আশপাশের সাইনবোর্ড পড়ে জায়গাটি গাজীপুরের টঙ্গী এলাকা বলে নিশ্চিত হই। রাত ১২টার দিকে বাসায় ফিরি। ওই তিনটি মুঠোফোন নম্বর এখনো খোলা রয়েছে।’