অজ্ঞান করে লুটের চেষ্টা, একজন আটক
টাঙ্গাইলের সখীপুরে সিগারেট কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে তাঁর টাকাপয়সা ও সিগারেট লুটের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে ওই কোম্পানির একজন কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সখীপুর পৌরসভার নীলকুঞ্জ এলাকার আবুল খায়ের টোব্যাকো লিমিটেডের উপজেলা কার্যালয়ে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাতে কোম্পানির উপজেলা সহকারী বিক্রয় কর্মকর্তা (এএমও) সাঈদ আহমেদ একটি জুসের বোতলে সাতটি ঘুমের বড়ি মিশিয়ে কৌশলে সহকর্মী বিক্রয় প্রতিনিধি ওমর ফারুককে খাওয়ান। এতে বিক্রয় প্রতিনিধি ফারুক ঘুমিয়ে পড়লে ওই কর্মকর্তা ফারুকের কাছে থাকা তিন হাজার টাকা ও ৮০ হাজার টাকার সিগারেট সরিয়ে ফেলার চেষ্টা করেন। তখন পাশের কক্ষের অন্য কোম্পানির লোকজন টের পেয়ে সাঈদকে পুলিশে দেন। এরপর হাত-পা বাঁধা ও সংজ্ঞাহীন অবস্থায় ফারুককে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফারুকের জ্ঞান ফেরে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বলেন, ফারুকের জ্ঞান ফেরায় মামলার প্রস্তুতি চলছে।