অজ্ঞান পার্টি কেড়ে নিল একটি প্রাণ
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. আলতাফ হোসেন (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
আলতাফের গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। তিনি পরিবারসহ ঢাকার রাজারবাগের কালীবাড়ি এলাকায় থাকতেন। আলতাফ এলিফ্যান্ট রোডে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন।
আলতাফের ছেলে সোহাগের ভাষ্য, গত সোমবার রাত ১০টার দিকে অসুস্থ অবস্থায় একটি রিকশায় করে বাসায় ফেরেন আলতাফ। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে তাঁর জ্ঞান ফিরলে তিনি জানান, অজ্ঞান পার্টির লোকজন তাঁর সঙ্গে থাকা সবকিছু নিয়ে গেছে। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তিনি রাস্তায় ঘণ্টা খানেক অজ্ঞান হয়ে পড়ে ছিলেন। জ্ঞান ফিরলে পরিচিত একজন তাঁকে রিকশা করে বাসায় পাঠান।
সোহাগের দাবি, আলতাফ হোসেনের অবস্থার অবনতি হলে আজ সকাল সাতটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বেলা ১১টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক বলেন, আলতাফ হোসেনের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।