যাত্রীদের অচেতন করে সর্বস্ব লুটত তারা: ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী থেকে অজ্ঞান ও মলম পার্টির সন্দেহভাজন ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কৌশলে বাসযাত্রীদের অচেতন করে তাঁদের সর্বস্ব লুট করত বলে ডিবির ভাষ্য।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গতকাল রাতে মিরপুর ও রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সালাম হাওলাদার, আমির হোসেন, আরিফ হোসেন, আকতার হোসেন, মহসিন হোসেন, পারভেজ, মিজানুর রহমান তালুকদার, সোহেল সিকদার, রেহেনা বেগম, খাদিজা আকতার, আলামিন ও সাগর।

ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, মিরপুর থানা এলাকা থেকে সাতজন এবং রমনা এলাকা থেকে পাঁচজনকে ধরা হয়। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ মলম, চেতনানাশক ওষুধ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মিরপুর ও রমনা থানায় মামলা হয়েছে।

আবদুল বাতেনের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছে, তারা কৌশলে বাসযাত্রীদের ওষুধ ও মলম দিয়ে অচেতন করে তাদের সর্বস্ব লুটে নিত।