অজ্ঞান পার্টির কবলে পড়ে আধঘণ্টায় পাঁচজন হাসপাতালে
অজ্ঞান পার্টির কবলে পড়ে আধা ঘণ্টার ব্যবধানে পাঁচ ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে দুজন গরুর বিক্রেতা।
হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, আজ শনিবার বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে এই পাঁচজনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, সাভারের জিরানি বাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আবু সুফিয়ান (২৩)। সেখান থেকে ভাগনে বিল্লালকে (১৫) নিয়ে সদরঘাটে যাওয়ার পথে বাসে তাঁদের দুজনকেই চেতনানাশক কিছু খাওয়ানো হয়। নগর ভবনের সামনে তাঁদের অচেতন অবস্থায় নামিয়ে দেন বাসচালকের সহকারীরা। পরে পথচারীরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আলিম মিয়া (৩০) থাকেন ঢাকার ডেমরায়। গুলিস্তান থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ইসমাইল নামের এক ব্যক্তি। অজ্ঞান পার্টি কবলে পড়া অপর দুজন হলেন আফজাল মোল্লা (৩৫) ও বাদল ব্যাপারি (৪৫)। তাঁরা গরু ব্যবসায়ী। বাড়ি ফরিদপুর সদরে।