অজ্ঞান পার্টির কবলে পুলিশ কনস্টেবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুরে গতকাল বুধবার রাতে রুমান সিরাজী (২৫) নামের এক পুলিশ কনস্টেবল অজ্ঞান পার্টির কবলে পড়ে সব হারিয়েছেন। তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি কুমিল্লা পুলিশ লাইনের কনস্টেবল।
মতিঝিল থানার পুলিশের ভাষ্য, গতকাল রাত পৌনে ১০টার দিকে কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) সামনে থেকে পুলিশের কনস্টেবল রুমান সিরাজীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আইসিডির সামনে ওই ব্যক্তিকে মারধর করে চেতনানশক পদার্থ খাইয়ে তাঁর কাছ থেকে টাকা-পয়সাসহ সবকিছু নিয়ে যায় দুর্বৃত্তরা। কিন্তু ভয়ে তাঁরা কাছে যাননি।
হাসপাতালে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) এস এম উজ্জ্বল হোসেন বলেন, সিরাজীর পরিচয়পত্র দেখে তাঁর পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তিনি অজ্ঞান পার্টির কবলে পড়ে সব খুইয়েছেন। সিরাজী সুস্থ হয়ে উঠলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

অজ্ঞান পার্টির সদস্য গ্রেপ্তার:
গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় এলাকা থেকে অজ্ঞান পার্টির আট সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া অজ্ঞান পার্টির সদস্যরা হলেন রুহুল আমিন হোসেন ওরফে জীবন, রুবেল আলী, জাহিদ শেখ, নেয়ামুল ইসলাম, আলামিন মোল্লা, কাবুল মোল্লা, মাহাবুব শিকদার ও মুন্না মিয়া। তাঁদের কাছ থেকে একটি (ঢাকা মেট্রো-ভ-৯২২৭) প্রাইভেট কার ও একটি সিএনজিচালিত অটোরিকশা (ঢাকা মেট্রো খ-১৪-০৬৩০) উদ্ধার করা হয়।
ডিবির সহকারী কমিশনার মাহমুদ নাসেরের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। টিএসসি এলাকার চা-দোকানদার মোস্তফার মাধ্যমে চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য গুলে তা খাইয়ে গাড়ি বা অটোরিকশাচালককে অচেতন করে তাঁরা গাড়ি ও অটোরিকশা চুরি করে থাকেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শাহবাগ এলাকাসহ অন্যান্য সুবিধাজনক স্থানে সন্ধ্যার পর ভ্রাম্যমাণ চা-সিগারেটের দোকান বসান। দোকানে আসা চালকদের কৌশলে চা ও পানীয়ের সঙ্গে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে তা খাইয়ে গাড়ি ও অটোরিকশা চুরি করেন।