অজ্ঞান পার্টির খপ্পরে চারজন?
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার পৃথক ঘটনায় চারজন ব্যক্তিকে অচেতন অবস্থায় ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন বলে অভিযোগ ওঠেছে। আজ বেলা দেড়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে এই চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, আজ বেলা তিনটার দিকে ইউনুস মিজি (৫৫) নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করেন তাঁর ছেলে ইউসুফ মিজি। ইউসুফ মিজি সাংবাদিকদের বলেন, তাঁর বাবা ইউসুফ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অডিট শাখায় কর্মরত। আজ সকালে তাঁর কার্যালয় সেগুনবাগিচার উদ্দেশ্যে রওনা দেন। পরে দুপুরে তিনি (ইউসুফ) খবর পেয়ে খিলগাঁও বিশ্বরোড এলাকায় অচেতন অবস্থায় তাঁর বাবাকে পান। এরপর তিনি হাসপাতালে নিয়ে যান তাঁকে।
ইউসুফ আরও বলেন, তিনি জানতে পেরেছেন, তাঁর বাবা তুরাগ পরিবহনের বাসে উঠে অচেতন হয়ে পড়েন। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনি অচেতন হয়ে পড়েন বলে মনে হচ্ছে। কারণ তাঁর (বাবা) মুঠোফোন ও মানিব্যাগ পাওয়া যায়নি।
জানতে চাইলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টি জানার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, বেলা দুইটার দিকে আজিজুর রহমান (৪০) নামের আরেক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন তাঁর বোন জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল সাংবাদিকদের জানান, তাঁর ভাই আজিজুর মিরপুর কাজীপাড়ায় থাকেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। দুপুরে মতিঝিল শাপলা চত্বরে অচেতন অবস্থায় পড়ে ছিলেন তিনি। খবর পেয়ে তিনি ভাইকে উদ্ধার করেন। জান্নাতুলের দাবি, তাঁর ভাইয়ের পকেটে ১০ হাজার টাকা ও দুইটি মুঠোফোন ছিল। সেগুলো খোয়া গেছে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো তথ্য তাঁরা পাননি।
হাসপাতাল সূত্র জানায়, বেলা দেড়টার দিকে অচেতন অবস্থায় মো. হাসান (৩৫) ও মো. রুস্তম (৩০) নামের দুজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন মো. সুমন নামের একজন। সুমন সাংবাদিকদের বলেন, তিনি অচেতন হওয়ার রুস্তমের মামাতো ভাই। হাসান ও রুস্তম বন্ধু। থাকেন হবিগঞ্জে। তাঁরা ঢাকায় তাঁর কাছেই আসছিলেন। কিন্তু বাস থেকে নামার পর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় তাঁরা অচেতন হয়ে পড়েন। তাঁদের কিছু খোয়া গেছে কিনা সে ব্যাপারে তিনি কিছু জানেন না।
যাত্রাবাড়ী থানার এসআই মোশারফ হোসেন বলেন, এমন কোনো ঘটনার খবর তাঁরা পাননি।