অজ্ঞান পার্টির খপ্পরে চিকিৎসক
কিশোরগঞ্জর ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের পরামর্শক (কনসালট্যান্ট) হরিপদ দেবনাথ অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। গত শুক্রবার কিশোরগঞ্জের ভৈরব থেকে ঢাকায় ফেরার সময় যাত্রীবাহী বাসে এই ঘটনা ঘটে।
গত শুক্রবার দুপুরে পরিবারের লোকজন হরিপদ দেবনাথকে ঢাকার কমলাপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে উদ্ধার করে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করেন। গতকাল শনিবার রাত পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি। তবে চিকিৎসকেরা জানিয়েছেন তিনি এখন শঙ্কামুক্ত।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, হরিপদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন শেষে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল রোগী দেখেন। গত শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ওই বেসরকারি হাসপাতালে দায়িত্ব পালন করেন তিনি। কাজ শেষে তিনি একটি বাসে করে ঢাকায় যাচ্ছিলেন। নারায়ণগঞ্জের ভুলতা অতিক্রম করার সময় হরিপদ আসন থেকে হেলে পড়েন। তখন অন্য যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যদের জানান। এরপর তাঁরা এসে কমলাপুর থেকে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
হরিপদ দেবনাথের ছেলে অভিষেক দেবনাথ বলেন, ‘মুঠোফোনে বাবার সঙ্গে আমার মায়ের সর্বশেষ কথা হয় বেলা ১১টার কিছু আগে। এরপর বেলা একটার পর থেকে বাবা আর ফোন ধরছিলেন না। দুইটার দিকে আমরা ঘটনাটি জানতে পারি। অজ্ঞান পার্টির সদস্যরা পকেটের সব টাকা নিয়ে গেছে।’