অজ্ঞান পার্টির খপ্পরে তিনজন
মালয়েশিয়াগামী ও মালয়েশিয়াফেরত দুই ব্যক্তিসহ তিনজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। গতকাল শনিবার দুপুরে গুলিস্তান এলাকা থেকে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনজনের মধ্যে দুজন সহোদর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে ঢাকা মেডিকেলে পনির হোসেন (৩৬) ও সিরাজুল ইসলাম (৩০) নামের দুজনকে অচেতন অবস্থায় ভর্তি করা হয়। সঙ্গে থাকা আল আমিন নামের এক যুবক প্রথম আলোকে বলেন, তিনি দুই ভাই পনির ও সিরাজুলের চাচা। নরসিংদীর মাধবদীতে তাঁদের গ্রামের বাড়ি। পনির ১৫ বছর ধরে কুয়েতে ছিলেন। কিছুদিন আগে দেশে ফিরে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেন। গতকাল রাতে তাঁর ফ্লাইট ছিল। তাই গতকাল সকাল সাড়ে আটটার দিকে তিনি মাধবদী থেকে একটি বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে ভাই সিরাজুলও ছিলেন। কিন্তু গতকাল ১২টার দিকে কয়েকজন ফোন করে জানান, তাঁর দুই চাচা গুলিস্তানে একটি বাসে অচেতন অবস্থায় পড়ে আছেন। তিনি মিরপুর থেকে সেখানে গিয়ে চাচাদের উদ্ধার করে মেডিকেলে ভর্তি করেন।
আল আমিন বলেন, গতকাল সন্ধ্যার দিকে তাঁর চাচাদের কিছুটা চেতনা ফিরে আসে। তখন তাঁরা জানান, মাধবদী থেকে বাসে কিছু দূর যাওয়ার পর বাসে এক হকারের কাছ থেকে আচার খান। সঙ্গে ওঠা আরেক হকার তাঁদের একটি মিনারেল ওয়াটার দেন। তা খাওয়ার পর তাঁদের আর কোনো কিছু মনে নেই। সঙ্গে থাকা এক লাখ ২০ হাজার টাকাও খোয়া।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা শুনিনি।’
এদিকে গতকাল বেলা দেড়টার দিকে রাজধানীর শাহবাগ থানার গুলিস্তানের ফুলবাড়ী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে সোলেমান মিয়া (৫৫) নামের একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ চন্দ্র দাশ। যোগাযোগ করা হলে এসআই কৃষ্ণ চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, সোলেমানের পকেটে পাসপোর্ট ও কয়েকটি কাগজে থাকা মুঠোফোন নম্বর পাওয়া যায়। স্বজনেরা হাসপাতালে এসে জানান, গতকাল সকালে মালয়েশিয়া থেকে সোলেমান দেশে ফিরেছেন। কুমিল্লার হোমনায় তাঁর গ্রামের বাড়ি। বাড়ি যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করছেন এসআই কৃষ্ণ।