অজ্ঞান পার্টির খপ্পরে পড়া পাঁচজন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া পাঁচজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে হাইওয়ে থানা-পুলিশ। গতকাল শনিবার সকালে তাঁদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন সোহেল রানা, শাকিল, রমজান আলী, শাহজাহান আলী ও আসাদুল ইসলাম। তাঁদের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার বানিয়াগাতি গ্রামে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, ওই পাঁচজন নারায়ণগঞ্জের কাঁচপুরে রিকশা চালাতেন। ঈদ উপলক্ষে তাঁরা ঢাকার গাবতলী থেকে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ট্রাকযোগে বগুড়ার উদ্দেশে রওনা হন। ট্রাকে আরও যাত্রী ছিলেন। পথে অজ্ঞান পার্টির সদস্যরা পানির সঙ্গে চেতনানাশক খাইয়ে তাঁদের ২০ হাজার টাকা ও পাঁচটি মুঠোফোন লুট করে। পরে তাঁদের হাটিকুমরুল গোলচত্বর এলাকার জনতা হোটেলের কাছে নামিয়ে দেয়।

গতকাল ভোর ছয়টার দিকে হাইওয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিকেলের দিকে সুস্থ হলে তাঁরা হাসপাতাল ছেড়ে যান।