অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আরও সাতজন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে নারীসহ আরও সাতজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। গতকাল সোমবার রাত নয়টা থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত অসুস্থ হয়ে পড়া সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত ৩০ দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯১ জন চিকিৎসা নিয়েছেন।

এদিকে গতকাল সোমবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরের মতিঝিলে পৃথক অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির দুই চক্রের দুই প্রধানসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গত এক সপ্তাহে ২৪ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার হওয়া অজ্ঞান পার্টির সদস্যদের মধ্যে দুই চক্রের প্রধান মো. আলম (৪৪) ও চান মিয়া (৫৪) রয়েছেন।
ডিবি সূত্র জানায়, গতকাল সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল আরামবাগ শাহ চন্দ্রপুরী হোটেলের সামনে অজ্ঞান পার্টির একটি চক্রের প্রধান মো. আলমসহ ওই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে।
আজ বিকেলে বায়তুল মোকাররম মসজিদের সামনে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এনজিও (বেসরকারি উন্নয়ন সংস্থার) কর্মী সুমাইয়া আক্তার (২২) সব খোয়ান। এর আগে বেলা আড়াইটার দিকে গোলাপশাহ মাজারের কাছে একটি মিনিবাসে অজ্ঞান পার্টির সদস্যের দেওয়া আচার খেয়ে অচেতন হন কলেজছাত্র আবু সুফিয়ান (২০)। প্রায় একই সময় পথচারী কাইয়ুম শাহবাগ মোড় থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান।

বিকেল পৌনে ছয়টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশ অজ্ঞান পার্টির কবলে পড়া এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে গুলশান ১ নম্বর চত্বরের কাছে অজ্ঞান পার্টির কবলে পড়ে জ্ঞান হারান সিএনজিচালিত অটোরিকশার চালক খোকন মিয়া (৪০)। তোফায়েল নামের এক পথচারী তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। প্রায় একই সময় বনানী বাসস্ট্যান্ডে মো. জাহিদ নামের এক যুবককে অজ্ঞান করে তাঁর কাছ থেকে তিন হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায় বলে তাঁর মামা মো. সোহাগ অভিযোগ করেন।
সোমবার সন্ধ্যায় মতিঝিল শাপলা চত্বরে পোশাক কারখানার ব্যবসায়ী মাজহারুল ইসলাম ডাব খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।