অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গতকাল বুধবার রাতে আরও একজন মারা গেছেন। তিনি ঢাকা-চট্টগ্রাম পথের মেইল ট্রেনের চালক মো. সোলেমান খান (৫০)। এর আগে গত রোববার রাতে গোলাপবাগে কলেজছাত্র মো. সোহাগ (১৯) অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রাণ হারান।
গতকাল সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে অজ্ঞান পার্টির কবলে পড়া ১০ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো. সোলেমানের পারিবারিক সূত্র জানায়, তিনি ঢাকা–চট্টগ্রাম পথের মেইল ট্রেনের চালক। শাহজাহানপুরে রেল কলোনিতে থাকতেন। গতকাল সকালে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। বিকেল পাঁচটার দিকে এক পথচারী মগবাজার থেকে সোলেমান খানকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্মীরা তাঁর পকেটে থাকা নোটবুকে পাওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে তাঁর স্ত্রী নাসিমা সুলতানা হাসপাতালে যান। খবর পেয়ে সহকর্মীরা হাসপাতালে যান। সোলেমানের জ্ঞান ফিরলে সন্ধ্যার পর তাঁকে বাসায় নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় রাত পৌনে নয়টার দিকে তাঁকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক লোকমান হোসেন জানান, অজ্ঞাত বিষক্রিয়ায় সোলেমানের মৃত্যু হয়েছে।
হাসপাতালে সোলেমানের সহকর্মী শরীফুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল রাত ১০টায় কমলাপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া মেইল ট্রেনটি সোলেমানের চালানোর কথা ছিল। বাসা থেকে বের হওয়ার সময় তাঁর পকেটে মানিব্যাগে চার-পাঁচ হাজার টাকা ছিল। কিন্তু হাসপাতালে তাঁর কাছে মানিব্যাগটি পাওয়া যায়নি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, সোলেমানের মৃত্যুর কারণ জানা যায়নি।
সোলেমান খানের গ্রামের বাড়ি জামালপুরে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
১০ জন হাসপাতালে: গতকাল সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত গুলিস্তান, মালিবাগ, গোলাপ শাহ মাজার, লালবাগ কেল্লার মোড় ও আশুলিয়া থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের পরে জ্ঞান ফিরেছে। তাঁরা হলেন আলমগীর (৫০), ইব্রাহিম (২৫), মনির হোসেন (২৫) ও আবদুর রহিম (৫০)।