অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বৃহস্পতিবার পৃথক ঘটনায় তিন ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাঁরা হলেন: সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুল মালেক (২২), প্রকৌশলী মোহর আলী (৩৫) ও দোকান কর্মচারী সোহাগ (২৫)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে থেকে অজ্ঞান অবস্থায় আবদুল মালেককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পথচারীরা।
খবর পেয়ে হাসপাতালে আসা আবদুল মালেকের স্বজন ফারুক ও রফিক জানান, মালেক রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড় এলাকায় থাকেন। সকাল সাতটায় ভাড়ায়চালিত অটোরিকশা (ঢাকা মেট্রো-ঢ-১১-২৫৩৩) নিয়ে বের হন তিনি। রাতে মালেকের মুঠোফোনে কল দিলে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আপনি যাকে কল করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে রাস্তায় পড়ে আছেন। তাঁর অটোরিকশা ও মোবাইলটি আমাদের কাছে।’
এর আগে দুপুরে বাড্ডার নতুন রাস্তার মোড়ে একটি নির্মাণ প্রতিষ্ঠানের প্রকৌশলী মোহর আলীকে অজ্ঞান করে তাঁর কাছ থেকে ৩৯ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।
মোহর আলীর সহকর্মী ফয়সাল হোসেন জানান, তাঁরা উত্তরার ৪ নম্বর সেক্টরে আবাসন প্রতিষ্ঠানের কর্মী। গতকাল দুপুরে ৩৯ হাজার টাকা নিয়ে নির্মাণসামগ্রী কিনতে পুরান ঢাকার নবাবপুর রোডে যাওয়ার পথে মোহর অজ্ঞান পার্টির কবলে পড়েন।
গতকাল বিকেলে এলিফ্যান্ট রোডে বেনারসি পল্লির একটি দোকানের কর্মচারী সোহাগ মিয়াকে অজ্ঞান করে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায়।
সোহাগের ফুফাতো ভাই মেহেদী হাসান বলেন, এলিফ্যান্ট রোডের দোকানে মালপত্র কিনতে গিয়ে দোকানের সামনে অচেতন হয়ে পড়েন সোহাগ। পরে ওই দোকানের লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অজ্ঞান পার্টির সদস্যরা সোহাগকে অচেতন করে ৫০ হাজার টাকা নিয়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক তিনটি ঘটনাই নিশ্চিত করেছেন।