অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় ভর্তি করা অরবিন্দ রায় (৪০) নামের এক ব্যবসায়ী গতকাল শুক্রবার মারা গেছেন। পরিবারের ধারণা, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গাজীপুরের টঙ্গীর কলেজগেট এলাকা থেকে অচেতন অবস্থায় অরবিন্দকে উদ্ধার করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়। গতকাল বেলা তিনটার দিকে তিনি মারা যান।
অরবিন্দের স্ত্রী স্বপ্না রায় সাংবাদিকদের বলেন, অরবিন্দের গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়ায়। টঙ্গীর কলেজগেট-সংলগ্ন এক বাসায় তিনি থাকতেন। অরবিন্দ টেক্সটাইল প্রকৌশলী ছিলেন। বৃহস্পতিবার সকােল অরবিন্দ মতিঝিলে যান। পরে সন্ধ্যার দিকে কয়েকজন তাঁর মুঠোফোন নম্বরে যোগাযোগ করে জানান, টঙ্গী বাসস্ট্যান্ডের কাছে অরবিন্দ অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তিনি হাসপাতালে নিয়ে যান। অরবিন্দের কাছে থাকা ৪৫ হাজার টাকা খোয়া গেছে।
টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘সাংবাদিকেরা ফোন করার পর বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি।’