অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধার ভাতা ৪০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধ আফতাবউদ্দিন ফরাজীর (৬৫)। গতকাল ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।
হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, আফতাবউদ্দিন সপরিবারে রাজধানীর দক্ষিণখানের আইনুসবাগে থাকতেন। গতকাল সকালে আফতাবউদ্দিন মুক্তিযোদ্ধার ছয় মাসের বকেয়া ভাতা তুলতে যান গাজীপুরের একটি সরকারি ব্যাংকে। ওই ব্যাংক থেকে টাকা তুলে তিনি গাজীপুর থেকে ঢাকায় ছেড়ে আসা একটি বাসে ওঠেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসটি রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবহনশ্রমিকেরা অচেতন অবস্থায় বাস থেকে তাঁকে নামিয়ে আনেন। পরে পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। অজ্ঞাতনামা হিসেবে হাসপাতালে ভর্তি করা হলেও মৃত্যুর পর হাসপাতালে এসে তাঁকে শনাক্ত করেন স্বজনেরা। তাঁর গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে।