অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তির প্রায় লাখ টাকা খোয়া গেছে। অজ্ঞান অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অজ্ঞান পার্টির কবলে পড়া ব্যক্তির নাম মোহাম্মদ বাবুল হাওলাদার (৫০)। তাঁর বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায়।

বাবুল হাওলাদারের চাচাতো ভাই মিন্টুর ভাষ্য, আজ সকাল ১০টার দিকে ধানমন্ডিতে চাচা মুকিতের বাসায় যান বাবুল। সেখান থেকে ৯৭ হাজার টাকা নিয়ে বাসে চড়ে পুরানাপল্টনে তাঁর (মিন্টু) দোকানে যাওয়ার সময় শাহবাগ এলাকায় অজ্ঞান হয়ে পড়েন বাবুল। পরে বাসের চালক মতিঝিল শিল্প ব্যাংকের সামনে তাঁকে নামিয়ে দেন। পথচারীরা অজ্ঞান বাবুলের মোবাইল ফোন থেকে নম্বর খুঁজে বের করে মিন্টুকে ফোন দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। বেলা সোয়া দুইটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) পরিদর্শক মোজাম্মেল হক প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।