অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ২০ জন ঢাকা মেডিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন তিন গরু ব্যবসায়ী l ছবি: ফোকাস বাংলা
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন তিন গরু ব্যবসায়ী l ছবি: ফোকাস বাংলা

অজ্ঞান পার্টির কবলে পড়ে আরও ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এঁদের মধ্যে ১৭ জন হলেন গরু ব্যবসায়ী। 
এর মধ্যে ১৫ জন গরু ব্যবসায়ী একসঙ্গে অচেতন হন গত শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার ইস্টার্ন হাউজিং পশুর হাটে। খাবারের সঙ্গে উচ্চমাত্রার চেতনানাশক মিশিয়ে অচেতন করে তাঁদের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে গেছে প্রতারকেরা।
এ ছাড়া গতকাল শনিবার বিকেলে অজ্ঞান পার্টির কবলে পড়া দুই গরু ব্যবসায়ীসহ পাঁচ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঁরা হলেন সাভারের জিরানি বাজারের আবু সুফিয়ান (২৩), তাঁর ভাগনে বিল্লাল (১৫), ডেমরার আলিম মিয়া (৩০) এবং ফরিদপুরের গরু ব্যবসায়ী আফজাল মোল্লা (৩৫) ও বাদল ব্যাপারী (৪৫)।
এ নিয়ে গত ৩৪ দিনে অজ্ঞান পার্টির কবলে পড়া ৪১৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেন।
পুলিশ জানিয়েছে, রূপনগরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা হলো মনির হোসেন (২৪), মো. শিমুল (৩০) ও কাজল ব্যাপারী (২৮)। মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার উপপরিদর্শক আজিজুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, তারা হাটে স্বেচ্ছাসেবকের কাজ করত। তিনজনেরই বাড়ি মিরপুরের আলোকদি গ্রামে।
তবে ইস্টার্ন হাউজিং পশুর হাটের ব্যবস্থাপক এস এম খাজা দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিরা তাঁর হাটের স্বেচ্ছাসেবক নয়। এরা বাইরের লোক।
হাট পরিচালনার সঙ্গে জড়িত মো. আমিন প্রথম আলোকে বলেন, ইস্টার্ন হাউজিং পশুর হাটে শুক্রবার রাত নয়টার দিকে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন নওগাঁ ও কুষ্টিয়া থেকে আসা ১৫ জন গরু ব্যবসায়ী। তাঁরা হলেন আবু তাহের মিয়া (৩৫), একরামুল হক (২৪), শফিউল ইসলাম (৪০), রহমান (৪৫), কার্তিক (৪৫) মো. ইসরাফিল (৩৫), আবদুর রহমান (৩৫), রাকিব (২০), মিজান (২৫), সিদ্দিক (৬০), শহীদুল ইসলাম (৩০), জিন্নাত আলী (৩৮), ওসমান গনি (৪০), পলাশ (২৫) ও সোবহান মিয়া (৪০)। তাঁরা ৪৫টি গরু নিয়ে ঢাকায় আসেন।
পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, এসব গরু ব্যবসায়ী হাটে আসার পর তাঁদের সঙ্গে সখ্য গড়েন তুলে অজ্ঞান পার্টির সদস্যরা। তারা একপর্যায়ে গরু ব্যবসায়ীদের রান্না করা খিচুড়ি খেতে দেয়। তারা খাবার পরিবেশনের দায়িত্ব নেয় এবং ব্যবসায়ীদের খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। রাত আড়াইটার দিকে ১৫ জনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা শেষে ১১ জন গতকাল হাসপাতাল ছেড়েছেন। বাকি চারজন এখনো চিকিৎসাধীন। এ ঘটনায় রূপনগর থানায় একটি মামলা হয়েছে।