অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জ্ঞান হারিয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (সিটিএসবি) এক উপপরিদর্শক (এসআই)। মো. মোশাররফ হোসেন নামের ওই এসআইকে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌচাক এলাকা থেকে উদ্ধার করা হয়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাসযাত্রীরাই মোশাররফকে প্রথমে খিলগাঁও এলাকার খিদমাহ হাসপাতালে ও পরে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে আসেন। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মোশাররফের সঙ্গে থাকা মুঠোফোন দিয়ে তাঁর স্ত্রী ইসমত আরাকে ফোন করেন এক যাত্রী।
ঢাকা মেডিকেলে মোশাররফের স্ত্রী ইসমত আরা বলেন, লাব্বাইক পরিবহনের একটি বাসে মোশাররফ সাভার থেকে ঢাকায় আসছিলেন। বাসটি মৌচাক এলাকায় পৌঁছানোর পর বাসের যাত্রীরা তাঁকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের এসআই বাচ্চু মিয়া।