অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য
ঢাকার গুলশান থানায় কর্মরত এক পুলিশ সদস্য গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন। পরে তাঁকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন মিয়া জানান, গুলশান থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মোশারফ হোসেন মোল্লা কর্মস্থল থেকে গতকাল ছুটি নিয়ে তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসযোগে গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাশিপুর গ্রামে ফিরছিলেন। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর সেতু এলাকায় পৌঁছালে অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে অজ্ঞান করে গাড়ি থেকে নামিয়ে তাঁর কাছ থেকে টাকা ও একটি মুঠোফোন নিয়ে সেতুর ঢালুতে ফেলে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় ওই পুলিশ সদস্যকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।