অজ্ঞান পার্টির খপ্পরে প্রকৌশলীসহ দুজন
রাজধানীতে পৃথক ঘটনায় গতকাল বুধবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রকৌশলীসহ দুজন সব খুইয়েছেন। ডেমরায় মা ও মেয়েকে অচেতন করে বাসা থেকে টাকা ও অলংকার নিয়ে গেছে তিন প্রতারক। এই চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে একজন পথচারী রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছ থেকে বিআইডব্লিউটিসির মাওয়া ফেরিঘাটের ডকইয়ার্ড কোম্পানির প্রকৌশলী ফজলুর রহমানকে (৪০) অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ফজলুর পকেটে পাওয়া কোম্পানির একটি ফোন নম্বরে যোগাযোগ করেন ওই পথচারী। পরে কোম্পানির উপমহাব্যবস্থাপক মোতাহার হোসেন ঢাকা মেডিকেলে আসেন।
মোতাহার হোসেন বলেন, ফজলুর রহমান যন্ত্রপাতি কেনার জন্য দেড় লাখ টাকা নিয়ে মাওয়াঘাট থেকে সকালে বাসে চড়ে ঢাকায় এসেছিলেন। পরে ওই টাকা তাঁর সঙ্গে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির লোক ফজলুরের টাকা নিয়ে গেছে।
এর আগে দুপুরে পুরান ঢাকার বংশালে একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জ্ঞান হারান বায়িং হাউসের কর্মী আরিফ হোসেন (৩০)।
আরিফের সহকর্মী আল আমিন বলেন, তাঁদের প্রতিষ্ঠান উত্তরার ৫ নম্বর সড়কে। সকালে আরিফ প্রতিষ্ঠান থেকে কিছু নমুনা নিয়ে বাসে চড়ে বংশালে রওনা দেন। আজমেরী পরিবহনের বাসের চালক আরিফের পকেট থেকে ফোন নম্বর সংগ্রহ করে তাঁদের প্রতিষ্ঠানে ফোন করে অজ্ঞান হওয়ার খবর জানান। তিনি আরিফকে ন্যাশনাল মেডিকেলে ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান। আল আমিন বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা আরিফকে অজ্ঞান করে তাঁর কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে গেছে।
অন্যদিকে গতকাল সকালে তিন প্রতারক ডেমরার পাইটি এলাকায় মা ও মেয়েকে অচেতন করে বাসা থেকে নগদ দুই লাখ টাকা ও ১০ ভরি সোনার গয়না নিয়ে গেছে তিন প্রতারক।
হাসপাতালে আলেয়ার মেয়ে ফারজানা বেগম বলেন, সকালে দুজন পুরুষ ও এক নারী বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢোকে। তারা একপর্যায়ে চেতনানাশক শরবতে মিশিয়ে তাঁর মা ও বোনকে খাওয়ায়। পরে তারা বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।