অজ্ঞান পার্টির খপ্পরে প্রাণ গেল একজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খোন্দকার মতিন (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের তরমুগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মতিন শহরের বটতলা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী পুরানবাজারের ব্যবসায়ী রিপন চক্রবর্তী বলেন, শহরের তরমুগরিয়া থেকে ব্যক্তিগত কাজে তিনি পুরানবাজার যাচ্ছিলেন। পথে কাজীরমোড় এলাকায় ইজিবাইকের মধ্যে বুকে ব্যথা হচ্ছে ও শ্বাসকষ্ট হচ্ছে বলে চিৎকার করছিলেন খোন্দকার মতিন নামের এক ব্যক্তি। অসুস্থ অবস্থায় তিনি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ইজিবাইকে থাকতে মতিন বলেছেন যে তাঁর কাছে থাকা মোবাইল ও টাকা নিয়ে গেছেন দুর্বৃত্তরা। কারা যেন তাঁকে জুস খাইয়ে এ ঘটনা ঘটিয়েছেন। হাসপাতালে ভর্তি করে তিনি বাড়ি চলে যান বলে জানান।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সানাউল্লাহ মোহাম্মদ আল বিধান বলেন, অসুস্থ অবস্থায় ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসার ২০ মিনিটের মধ্যে তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরল কোনো দ্রব্যের সঙ্গে কিছু মিশিয়ে তাঁকে খাওয়ানো হয়েছে। বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছে কিনা, তা চিকিৎসা প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ আবু নাঈম বলেন, ‘হাসপাতালে এক লোক মারা গেছে বলে শুনেছি। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, হাসপাতালের চিকিৎসা প্রতিবেদন হাতে পেলে জানা যাবে।’