অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিন দিন ধরে অজ্ঞান অবস্থায় থাকার পর ৬০ থেকে ৬৫ বছরের এক ব্যক্তি মারা গেছেন। পুলিশ জানায়, টিচার্স ট্রেনিং কলেজের একজন শিক্ষক গত বৃহস্পতিবার সন্ধ্যায় সায়েন্স ল্যাব এলাকায় একটি বাস থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ওই ব্যক্তিকে উদ্ধারকারী পথচারী টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাহন পরিবহনের একটি বাসে ওই যাত্রী অচেতন হয়ে পড়ে ছিলেন। তিনি বলেন, ‘আমিও ওই বাসের যাত্রী ছিলাম। অনেকে দেখছিলেন, কেউ ধরছিলেন না। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। নিউমার্কেট থানায় বিষয়টি জানানো হয়েছে।