অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে মঙ্গলবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আবদুল জলিল (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। আবদুল জলিলের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাজি মতবর গ্রামে।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে আবদুল জলিলের ছোট মেয়ের জামাতা নজরুল ইসলামকে ফোন করে এক ব্যক্তি জানান জলিল গুলিস্তানে অচেতন অবস্থায় পড়ে আছে। এরপর নজরুল এসে তার শ্বশুরকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

জলিলের চাচাতো ভাই আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, জলিল নারায়ণগঞ্জের ঝালকুড়িতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মঙ্গলবার দুপুরে জলিল তার কর্মস্থল থেকে ঢাকার গেন্ডারিয়ায় তার বড় মেয়ে সনির বাসায় রওনা দেন। ধারণা করা হচ্ছে, জলিল অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া প্রথম আলোকে ঘটনাটি নিশ্চিত করেছেন।