অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মারা গেলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তুজারপুর গ্রামের বাসিন্দা পাট ব্যবসায়ী শাহ আলম মোল্লা (৬০)।
গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুজারপুর ইউপির সাবেক চেয়ারম্যান সোহরাব ভূঁইয়া বলেন, গত মঙ্গলবার দুপুরে ব্যবসায়িক কাজে ভাঙ্গা থেকে লোকাল বাসে ফরিদপুরে রওনা হন শাহ আলম। কিছুক্ষণ পর বাসেই তিনি অজ্ঞান হয়ে যান। এ সময় তাঁর কাছে থাকা এক লাখ টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অজ্ঞান করার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন, এ ব্যাপারে থানায় ওই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।