অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক তুলা ব্যবসায়ীর আড়াই লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে বাসে করে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার পথে এ ঘটনা ঘটে। আবদুল গাফফার (৪০) নামে ওই ব্যবসায়ী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ​সাধীন।

তাঁর বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামঘর এলাকায়। দুপুর পৌনে একটার দিকে গুলিস্তান এলাকা থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে স্বজনেরা হাসপাতালে নিয়ে যান।

গাফফারের ছেলে দিপুর ভাষ্য, তাঁর বাবা তুলা কিনতে সকালের দিকে আড়াই লাখ টাকা নিয়ে ঢাকার উদ্দেশে বাসা থেকে বের হন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তানের স্বদেশ পরিবহনের বাস কাউন্টার থেকে মুঠোফোনে তাঁদের জানানো হয়, এক ব্যক্তি বাসের মধ্যে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর পকেটে থাকা কার্ডে এই নম্বরটি পাওয়া গেছে। এরপর তাঁরা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে তাঁকে উদ্ধার করেন।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক চিকিৎসক জানান, গাফফারকে বিষ জাতীয় কিছু দিয়ে অজ্ঞান করা হয়েছে। তবে, তিনি শঙ্কামুক্ত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক গাফফারের ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।