অজ্ঞান পার্টির দেওয়া রস খেয়ে মৃত্যু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনের একটি কামরা থেকে গত মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা এক বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির হাতে ফলের রসের খালি প্যাকেট থাকায় পুলিশ ধারণা করছে, অজ্ঞান পার্টির দেওয়া ওই ফলের রস খেয়ে তিনি মারা গেছেন।
এদিকে একই রাতে ঢাকা থেকে সিলেটগামী ওই ট্রেন থেকে অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে পুলিশ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁরা ভর্তি আছেন।
সিলেট রেলওয়ে (জিআরপি) থানা সূত্রে জানা গেছে, অসুস্থ পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিরাজ আলী ও দিগেন্দ্র দাস। অপর তিনজনের পরিচয় জানা যায়নি।
চিকিৎসকের বরাত দিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, আহত ব্যক্তিদের অবস্থা উন্নতির দিকে। নিহত বৃদ্ধার বয়স আনুমানিক ৮০ হবে। তাঁর লাশ বেওয়ারিশ হিসাবে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সিলেট জিআরপি থানার ওসিআলমগীর হোসেন জানান, আটক কামাল নামের একজনকে জিজ্ঞাসাবাদ করে অজ্ঞান পার্টির সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।