অজ্ঞান পার্টির ফাঁদে পড়ে সব খোয়ালেন তিন রিকশাচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পার্টির ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ানো তিন রিকশাচালকে বগুড়ার শেরপুরে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের অচেতন অবস্থায় উপজেলার মহিপুর বাজার এলাকা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিন রিকশাচালকের দুজন হলেন বগুড়ার ধুনটের হেউটনগর গ্রামের আবদুল মান্নান (২৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাখালী গ্রামের আবুল কালাম (৩০)। অন্যজনের (২৮) পরিচয় পাওয়া যায়নি।
অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন বলেন, তাঁরা তিনজনই ঢাকায় রিকশা চালাতেন। গত সোমবার রাতে তাঁরা বাড়ি ফেরার জন্য ঢাকার গাবতলী বাসটার্মিনাল এলাকা থেকে একটি খালি ট্রাকে ওঠেন। পথে ট্রাকচালকের সহকারী তাঁদের পাউরুটি ও কলা খেতে দেন। তারপর তঁাদের আর কিছু মনে নেই।
রিকশাচালক আবুল কালাম বলেন, তাঁর একটি ব্যাগে সাড়ে সাত হাজার টাকাসহ মুঠোফোন ও জামাকাপড় ছিল। সবই খোয়া গেছে। আবদুল মান্নান বলেন, ট্রাকের চালক ও হেলপার যে অজ্ঞান পার্টির লোক, তা তাঁরা বুঝতে পারেননি।