অজ্ঞান পার্টির সন্দেহে আটক ৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে ৩১ ব্যক্তিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির দাবি, তাঁদের কাছ থেকে চেতনানাশক দ্রব্য মেশানো খাবার ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ কথা জানান।

মনিরুল ইসলামের ভাষ্য, গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাস, লঞ্চ ও রেলস্টেশনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তিনি বলেন, অজ্ঞান পার্টির তিন থেকে চারজন সদস্য বাসে উঠে কখনো যাত্রীবেশে বা কখনো বিক্রেতা হিসেবে থাকেন। চেতনানাশক দ্রব্য মেশানো খাবার খাইয়ে যাত্রীদের অজ্ঞান করার পরে তাঁরা পালিয়ে যান। আটক ব্যক্তিদের কাছ থেকে চেতনানাশক ওষুধ ও চেতনানাশক দ্রব্য মেশানো আচার, সিগারেট, বিস্কুট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের কাছ থেকে ৫০ হাজার টাকাও উদ্ধার হয়েছে বলে ডিবি দাবি করেছে।


মনিরুল ইসলাম আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন এর আগেও কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে তাঁরা আবার অজ্ঞান পার্টির সদস্য হিসেবে কাজ শুরু করেছেন। একাধিকবার গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জলিল ব্যাপারী (আগে ১১ বার গ্রেপ্তার), মিজানুর রহমান (তিনবার), মাওলা (সাতবার), ওলি (তিনবার), শরিফুল (তিনবার), জাহিদ (দুবার) ও মমিনুল (দুবার)।