অজ্ঞান পার্টির ১২ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ও রমনা এলাকায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে নারীসহ অজ্ঞান পার্টির ১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁদের কাছ থেকে মলম ও চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আমির হোসেন, সালাম হাওলাদার, আরিফ হোসেন, আলামিন, সাগর, মহসীন হোসেন ওরফে তুষার, পারভেজ, আখতার হোসেন সবুজ, সোহেল শিকদার, মিজানুর রহমান তালুকদার, রেহেনা বেগম ও খাদিজা বেগম মিম। গত মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার আবদুল বাতেন এ তথ্য জানান। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানার, তাঁরা যাত্রী বা হকার সেজে বাসে উঠে যাত্রীদের সঙ্গে ভাব জমিয়ে চেতনানাশকযুক্ত খাবার খাইয়ে তাঁদের কাছ থেকে টাকা ও মালামাল নিয়ে যেতেন। তাঁরা পানিতে ঘুমের ওষুধ গুলিয়ে তা কৌটায় সংরক্ষণ করতেন। পরে কৌশলে চা, কফি, ডাব বা অন্যান্য কোমল পানীয়ের সঙ্গে মিশিয়ে যাত্রীদের খাইয়ে অচেতন করতেন।
যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, গ্রেপ্তার ১২ জনের মধ্যে কয়েকজন আগে ধরা পড়েছিলেন। তাঁরা জামিনে বেরিয়ে ফের পুরোনো পেশায় জড়িয়ে পড়েন। এখন বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করে এই প্রতারক চক্রের সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।