অজ্ঞান পার্টির ১৮ সদস্য গ্রেপ্তার
রাজধানীর গুলিস্তান, কলাবাগান ও যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে গত শনিবার রাতে অজ্ঞান ও মলম পার্টির সদস্য সন্দেহে মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট, ব্লেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির (উত্তর) উপকমিশনার শেখ নাজমুল আলম।
সংবাদ সম্মেলনে উপকমিশনার বলেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে কলাবাগানে হানিফ বাস কাউন্টারের সামনে থেকে আবুল বাশার মোল্লা, মইনুল ইসলাম, ইকবাল হোসেন, নাছিমা ও মাকুল নামের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৪৩টি ইয়াবা ট্যাবলেট, ১৪টি চেতনানাশক ট্যাবলেট, পাঁচটি মানিব্যাগ ও ছয়টি ব্লেড উদ্ধার করা হয়েছে। এই চক্রের সদস্যরা সাধারণত দূরপাল্লার যাত্রীদের সঙ্গে খাতির জমিয়ে পিঠা বা অন্যান্য খাবারের সঙ্গে নেশাজাতীয় উপকরণ খাইয়ে দেন। আবার কখনো কখনো সিএনজিচালিত অটোরিকশার চালক এবং ঈদের আগে গরু ব্যবসায়ীরা তাঁদের লক্ষ্য হয়। তাঁরা চার-পাঁচ বছর ধরে এই কাজে যুক্ত থাকার কথা জানিয়েছেন। তাঁদের প্রতিটি গ্রুপে ২০ থেকে ২৫ জন সদস্য রয়েছেন। তাঁদের অনেকেই এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন।
এ ছাড়া গুলিস্তান ও আশপাশের এলাকায় পৃথক অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁরা হলেন নিয়ামুল শরীফ, আল আমিন, কবির আকন, কালু মিয়া, সাদ্দাম, আলমগীর হোসেন, শাহ আলম, হাফিজ মিয়া ও বিল্লাল ব্যাপারী। গুলিস্তানে অভিযান পরিচালনাকারী ডিবির সহকারী কমিশনার সাইফুল ইসলাম বলেন, এই চক্রের সদস্যরা মোস্তাকিম নামের এক ব্যক্তিকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে প্রায় অজ্ঞান করে ফেলেছিলেন। এ অবস্থায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১০০টি নেশাজাতীয় এটিভেন-২ ট্যাবলেট ও একটি চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এই চক্রের দলনেতা নিয়ামুল ২ সেপ্টেম্বর জামিনে জেল থেকে ছাড়া পেয়েই আবার একই কাজ করা শুরু করেছেন।
সহকারী কমিশনার সাইফুল বলেন, অজ্ঞান করে লুটে নেওয়ার কাজটি হয় তিন ধাপে। একজন বা একদল সদস্য আগে শিকার ব্যক্তিকে কোনো খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য সেবন করান। দ্বিতীয় দলটি তাঁর সঙ্গে গল্প করতে করতে অজ্ঞান হওয়া পর্যন্ত অপেক্ষা করে। তৃতীয় দলের সদস্যরা তাঁকে সুবিধামতো জায়গায় নিয়ে সব লুট করে নিয়ে যান। এই চক্রের সদস্যরা মাসিক বেতনের ভিত্তিতে কাজ করেন। এ ছাড়া আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।