অজ্ঞান পার্টির ১৯ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির তিনটি গ্রুপের মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল দুপুর সোয়া দুইটা থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত এই অভিযান চলে। আজ মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার ও ডিবির মুখপাত্র মনিরুল ইসলাম।
ডিবির ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আব্দুর রাজ্জাকসহ ছয়জনকে গতকাল দুপুরের দিকে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিকেল সোয়া পাঁচটার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে আবদুর রহমান শেখসহ ছয়জনকে গ্রেপ্তার করে ডিবি। রাত পৌনে নয়টার দিকে মগবাজার চৌরাস্তা থেকে আব্বাস আলীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। এঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের চেতনানাশক ওষুধ, হালুয়ার কৌটা উদ্ধার করা হয়। অজ্ঞান পার্টির সদস্যরা গাবতলী, মাওয়া, মহাখালী রুট থেকে চলাচলকারী বাসগুলোর যাত্রীকে টার্গেট করে কাজ করে। 
অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে আটক ১৯

মনিরুল ইসলামের ভাষ্য, সামনে কোরবানির ঈদ, তাই এদের তৎপরতা বেড়েছে। গত তিন মাসে শতাধিক অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ কারণে রোজার ঈদে এদের তৎপরতা কম ছিল। মানুষ স্বস্তিতে ঈদ করতে পেরেছিল। এবার আবার তৎপরতা বেড়ে যাওয়ার গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। তবে এখনো ঢাকায় ২২ জনসহ সব মিলিয়ে অজ্ঞান পার্টির অর্ধশত সদস্য পলাতক রয়েছে। এদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সচেতনতামূলক কার্যক্রম হিসেবে প্রচারপত্র বিলি, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও গণপরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করার কথাও বলেন ডিবির যুগ্ম কমিশনার। তবে এ ব্যাপারে যাত্রীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।