অজ্ঞান-মলম পার্টির ১০ সদস্যকে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার হওয়া অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন সোহেল, ইসমাইল হোসেন চৌধুরী, শাকিল রানা, ওমর ফারুক, আবদুল খালেক, নান্নু শেখ, বাদশা, বিল্লাহ হোসেন, নজরুল ইসলাম ও মাহবুব শেখ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ারী বিভাগের সহকারী কমিশনার মুকিত সরকার ও সহকারী কমিশনার আশরাফ-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হামদর্দের হালুয়া, ইসবগুলের ভুসি, চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে প্রতারণা করে সাধারণ যাত্রী ও পথচারীদের খাবারের সঙ্গে এসব ওষুধ ও হালুয়া মিশিয়ে অচেতন করে টাকাপয়সা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার কাজ করছিলেন। পরে ডিএমপির নির্বাহী হাকিম মশিউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।