অটোরিকশা ও দেড় লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী ও খিলগাঁও থানা এলাকায় গতকাল শনিবার পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে ভোরে কদমতলীর জুরাইনে চালককে কুপিয়ে তাঁর সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা। আহত চালক আবদুর রাজ্জাক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
বিকেলে খিলগাঁওয়ের তালতলা এলাকায় দুজনের কাছ থেকে পৌনে দুই লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন আমিনুল ইসলাম। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিএনজিচালক আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গতকাল ভোর চারটার দিকে তিনি মালিবাগে একটি বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন দুই যুবক যাত্রীবেশে জুরাইন যাওয়ার কথা বলে। তিনি তাঁদের নিয়ে জুরাইন রেলগেটের কাছে পৌঁছালে আরও দুজন যুবক দুই পাশ থেকে ছুটে আসে। তখন চার যুবক মিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে অটোরিকশাটি নিয়ে চলে যায়। চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে আহত অবস্থায় আমিনুলকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তাঁর বাম বাহু ছিল রক্তাক্ত। আমিনুলের সঙ্গে আসা শাহীনুর রহমান নামের একজন প্রথম আলোকে বলেন, তিনি আমিনুলের পরিচিত। বিভিন্ন পোশাক কারখানা থেকে বাতিল হওয়া কাপড় সংগ্রহ করে বিভিন্ন মার্কেটে সরবরাহের ব্যবসা করেন তিনি। থাকেন গাজীপুর জেলখানা রোড এলাকায়। আর আমিনুল গাজীপুর সফিপুরে একটি টেক্সটাইল প্রতিষ্ঠানে চাকরি করেন।