অটোরিকশা ও বাসে বাড়তি ভাড়া আদায়, জরিমানা
মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গতকাল রোববার বাসের নয়জন চালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই দিন মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ সড়কে অতিরিক্ত ভাড়া আদায় করায় অটোরিকশার তিন চালককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) রুমানা তানজিন প্রথম আলোকে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশ অনুযায়ী পাটুরিয়া থেকে ঢাকার গাবতলী পর্যন্ত বাসের ভাড়া ১২৮ টাকা হলেও কোনো কোনো বাসের চালক ও সহকারী যাত্রীদের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে নিচ্ছেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে গতকাল নয়জন চালক ও সহকারীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসচেতনতার অভাবেই যাত্রীদের কাছ থেকে এসব বাসের চালক ও সহকারীরা অতিরিক্ত টাকা আদায় করছেন।
তবে বাসের দণ্ডপ্রাপ্ত এক চালক বলেন, ঢাকা যাওয়ার পথে যাত্রী বোঝাই থাকলেও ফিরতি পথে খালি বাস নিয়ে রওনা দিতে হয়। এ কারণে অতিরিক্ত ভাড়া নিতে বাসের মালিকেরা তাঁদের ওপর চাপ সৃষ্টি করে থাকেন।
এদিকে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ সড়কের মুক্তারপুর সেতুর ঢাল থেকে সিএনজিচালিত অটোরিকশা (সিএনজি) ৪০ টাকার পরিবর্তে ৫০ টাকা করে যাত্রীদের কাছ থেকে আদায় করছিল। খবর পেয়ে গতকাল অভিযান চালিয়ে হাতেনাতে সিএনজিচালিত অটোরিকশার তিন চালককে ধরে তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট দেড় হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ভ্রাম্যমাণ আদালত দীঘিরপাড়-ঢাকা সড়কে চলাচলকারী দীঘিরপাড় পরিবহনে অভিযান চালালে যাত্রীরা অভিযোগ করেন, তাঁদের কাছ থেকে ৯০ টাকার জায়গায় ১০০ টাকা করে ভাড়া আদায় করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল মামুন পরিবহনের চেয়ারম্যান জগলুল হালদার ও ব্যবস্থাপনা পরিচালক নুর হোসেনকে ডেকে এনে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে সতর্ক করে দেন। এ সময় দীঘিরপাড় কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করায় কাউন্টারের ব্যবস্থাপক আব্দুল বারেককে চাকরিচ্যুত করে।
আব্দুল্লাহ আল মামুন বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে দীঘিরপাড় পরিবহনকে এর আগে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছিল। তাই এবার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে সতর্ক করে দেওয়া হয়েছে। অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সিএনজিচালিত অটোরিকশার তিন চালককে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।