সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ভাড়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে যাত্রীদের পিটুনিতে হজরত আলী (৩৫) নামের একজন অটোরিকশাচালক নিহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার মাথিউরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে।
হজরত আলীর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামে। তিনি সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে সপরিবারে বাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত আটটার দিকে কয়েকজন যাত্রী সিলেট থেকে হজরত আলীর অটোরিকশা ভাড়া নিয়ে মাথিউরা যান। রাত সাড়ে ১০টায় মাথিউড়া পৌঁছে ওই যাত্রীরা হজরত আলীর সঙ্গে ভাড়া নিয়ে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে যাত্রীরা বেধড়ক পেটালে হজরত অচেতন হয়ে পড়েন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হজরতের খালাতো ভাই আবদুল হামিদ বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, ওই অটোরিকশার পাঁচজন যাত্রীকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।