অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় পাঁচ স্কুলছাত্র গ্রেপ্তার
বগুড়ার সোনাতলা উপজেলায় গত মঙ্গলবার যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় পাঁচ স্কুলছাত্রকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। তাদের গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে। তারা সবাই বগুড়া শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ওই পাঁচ স্কুলছাত্র হলো, নিশিন্দারা টিনশেড কলোনির জাহাঙ্গীর হোসেনের ছেলে জুলফিকার আলম (১৫), নিশিন্দারা খাঁ পাড়ার ইয়াছিন আলীর ছেলে আনোয়ার হোসেন (১৬), নিশিন্দারা ধমকপাড়ার আবদুল আজিজের ছেলে শফিয়ার রহমান (১৭), নিশিন্দারা মণ্ডলপাড়ার সোহাগ শাহ (১৬) এবং হাকিরমোড় এলাকার আবু বক্কর সিদ্দিক (১৬)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের চেলোপাড়া অটোরিকশা স্ট্যান্ড থেকে সোনাতলার চরপাড়া বাজারে যাওয়ার কথা বলে পাঁচ স্কুলছাত্র একটি অটোরিকশা ভাড়া করে। চরপাড়া বাজারে পৌঁছার পর তারা পাশের হুয়াকুয়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে পৌঁছে দিতে বলে। কিন্তু হুয়াকুয়া সেতুতে পৌঁছামাত্র পেছন থেকে একজন প্যান্টের বেল্ট দিয়ে প্রথমে চালক সুশীল চন্দের গলায় ফাঁস দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ধাক্কা দিয়ে চালক সুশীল চন্দকে ফেলে রেখে তারা নিজেরাই অটোরিকশার নিয়ন্ত্রণ নেয়। পরে তারা ছিনতাই করা অটোরিকশাটি নিয়ে পালাতে থাকে। সঙ্গে সঙ্গে গাড়ি ছিনতাই হওয়ার বিষয়টি সুশীল চন্দ্র মুঠোফোনে রেলওয়ের সুখানপুকুর কলেজ স্টেশনের চেইনমাস্টারকে জানান। চেইনমাস্টার স্থানীয় লোকজন নিয়ে পথে অবস্থান নেন। বিষয়টি বুঝতে পেরে তারা কলেজ স্টেশন-মহাস্থান সড়ক হয়ে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু জাহানারা বানু বিদ্যালয়ের সামনে আরেকদল জনতা পথরোধ করে জুলফিকার, আনোয়ার ও শফিয়ারকে আটক করে। অন্যরা দৌড়ে পালাতে থাকে। এ সময় সুখানপুকুর গ্রামের লোকজন ধাওয়া দিয়ে সোহাগ ও আবু বক্করকে আটক করে। পরে অটোরিকশাসহ পাঁচজনকে পুলিশে সোপর্দ করা হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন প্রথম আলোকে জানান, ওই পাঁচজনকে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।