অটোরিকশা ছিনতাইচেষ্টা শ্রমিক লীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেরপুর অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে (৩৫) গতকাল বৃহস্পতিবার আটক করেছে পুলিশ।
দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁকে উপজেলা হাসপাতাল সড়ক এলাকা থেকে আটক করে। তাঁর বাড়ি শেরপুর পৌরশহরের নয়াপাড়া এলাকায়। তিনি শেরপুর উপজেলা শ্রমিক লীগের সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, ঘটনার কথা জানতে পেরে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তবে তাঁর সহযোগীকে আটকের চেষ্টা চলছে।
শেরপুর উপজেলার মহিপুর বালাপাড়া গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক আবদুল মোমিন (২২) বলেন, রফিকুল ইসলাম ও তাঁর সহযোগী আবদুল আলীম গত রোববার বিকেলে তাঁর অটোরিকশাটি ভাড়া করে নিয়ে উপজেলার ভবানীপুর বাজারে যান। বাজারের কাজ শেষে তাঁরা সন্ধ্যা সাতটায় রওনা দেন। ফেরার পথে ভবানীপুর সড়কের আলমপুর এলাকায় তাঁরা দুজন তাঁর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। তিনি গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন ও চিৎকার দেন। এ সময় রফিকুল ইসলাম দ্রুত তাঁর গাড়িটি চালিয়ে নিয়ে চলে যান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা দুজন ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে গাড়িটি ফেলে পালিয়ে যান।
রফিকুল ইসলাম ওই গাড়িটি ভাড়া নেওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি চালক আবদুল মোমিনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
শেরপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি কামাল হোসেন স্বীকার করেন, রফিকুল ইসলাম তাঁর সংগঠনের সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। রফিকুলের এ ধরনের ঘটনায় জড়িত থাকা সংগঠনের জন্যও লজ্জার। তিনি রফিকুল ইসলামসহ এ ঘটনায় জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তার ও উপযুক্ত বিচার দাবি করেন।